ট্রাম্পকে ‘বহিষ্কার’ করলো ইরান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের জনপ্রিয় রিয়েলিটি শো-র সেই বিখ্যাত সংলাপ ‘ইউ আর ফায়ার্ড’ বা ‘আপনি বহিষ্কার’ ব্যবহার করেই এবার তাকে পাল্টা আক্রমণ করেছে ইরান।
সোমবার (২৩ মার্চ) ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ মুখপাত্র এক ভিডিও বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, ‘আপনি বহিষ্কার!’।
আইআরজিসির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি এই ভিডিও বার্তায় ট্রাম্পের চিরচেনা অঙ্গভঙ্গি ও বাচনভঙ্গি অনুকরণ করে তাকে নিয়ে চরম বিদ্রূপ ও তুচ্ছতাচ্ছিল্য করেন। মূলত ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিবাদে তেহরান এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে।
সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাবে।
তিনি আরও উল্লেখ করেন যে, তারা হয়তো ভেনেজুয়েলার মতো কোনো নেতা খুঁজে পাবে অথবা ইরানে একটি যৌথ নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা হবে। এমনকি আলোচনা ব্যর্থ হলে ‘বোমাবর্ষণ অব্যাহত রাখার’ নতুন হুমকিও দেন তিনি। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জবাবেই আইআরজিসি মুখপাত্র তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এই মশকরা করেন।
আল জাজিরার সূত্রমতে, গত ফেব্রুয়ারি থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা চললেও ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
একদিকে ট্রাম্প যখন ইরানি নেতৃত্ব উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই আইআরজিসির পক্ষ থেকে তাকে এভাবে ‘বহিষ্কার’ করার নাটকীয় ভিডিও বার্তা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

















