‘জুলাই সনদ সম্পর্কে না বুঝলে আসেন বুঝিয়ে দেব’

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা যদি জুলাই সনদ না বুঝেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর নিয়ে তা বুঝে নেন। তাও যদি না পারেন, আমার ঘরে আসেন, আমি বুঝিয়ে দেব। কিন্তু যেহেতু আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটি আপনাদের বাস্তবায়ন করতেই হবে।”
বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এই সভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আমরা সরকারের সব ভালো কাজে সহযোগিতা করব, কিন্তু জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নিলে তা কঠিন ভাষায় প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, “আমরা এই সরকারের ব্যর্থতা চাই না, বরং সফল হোক এটাই আমাদের কাম্য। তবে সরকার যদি উল্টো পথে হাঁটে, তবে আমাদের কিছু করার থাকবে না।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, একাত্তরে পাকিস্তানিরা জনরায় না মেনে যে ভুল করেছিল, বর্তমান সরকারও যদি জনরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে এ দেশের তরুণ সমাজ তার কঠিন জবাব দেবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই সনদ বাস্তবায়ন না হলে হাদি, ফেলানী ও আবরার ফাহাদের আত্মত্যাগ বৃথা যাবে, যা জনগণ কখনোই হতে দেবে না।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বক্তারা ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, চিরকাল অম্লান থাকুক এই মহিমা’—এই স্লোগানকে সামনে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনরায় মেনে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

















