জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদ থেকেই বিরোধিতা করবে জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদ ত্যাগ করবে না, বরং সংসদে থেকেই সরকারের গঠনমূলক বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই রাজনৈতিক অবস্থানের কথা ব্যক্ত করেন।
সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান সংসদ বিগত সংসদগুলোর চেয়ে গুণগতভাবে আলাদা। কারণ এই সংসদ গঠিত হয়েছে রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দেশবাসীর প্রত্যাশা এই সংসদের কাছে অনেক বেশি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব না হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক একটি বিষয় হিসেবে চিহ্নিত হবে।
অনুষ্ঠানে জামায়াত নেতা অভিযোগ করেন, সরকারি দল জুলাই সনদের জন্য গঠিত সংস্কার পরিষদের শপথ নেয়নি। বর্তমানে বিভিন্ন আলোচনা চললেও তারা নতুন কোনো প্রস্তাব আনার চেষ্টা করছে। বিশেষ করে গণভোটের অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, যা নিয়ে জামায়াতে ইসলামী তাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছে।
সাইফুল আলম আরও উল্লেখ করেন যে, ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছিল, যা দেশ ও বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এমতাবস্থায় কেউ যদি নিজেদের অবস্থান থেকে পিছু হটে, তবে তা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক হবে। যুক্তরাজ্যের একটি সংস্থার সাথে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা স্পষ্ট করেছি যে এই সংসদ জনগণের প্রত্যাশার প্রতীক এবং জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

















