জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর জিয়া উদ্যানে এক যুবক নিজের শরীর ক্ষত-বিক্ষত করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে জিয়া উদ্যানের মাজার প্রাঙ্গণে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে হঠাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর উঠে পড়েন। এ সময় তিনি সাথে থাকা ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দিয়ে নিজেকে রক্তাক্ত করেন।
একপর্যায়ে তিনি নিজের গলা কাটারও চেষ্টা চালান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় যুবকটি কবরের ওপর গড়াগড়ি দিচ্ছেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনেহেঁচড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
ঘটনাস্থলে দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ গণমাধ্যমকে জানান, ওই তরুণ মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। পুলিশ ও সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ওই যুবকের পরিচয় বা কেন তিনি এমন পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

















