জাকাত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর, গঠিত হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

দেশে দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও আধুনিক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের জাকাত ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে বর্তমান ‘জাকাত বোর্ড’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং দেশের শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের নাম প্রস্তাব করা হয়েছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, এই উচ্চপর্যায়ের কমিটিতে আর কারা থাকবেন, আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সেই নামের তালিকা প্রস্তাব করবে। কমিটি গঠিত হওয়ার পর তারা দ্রুততম সময়ের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত জাকাত ব্যবস্থাপনার বিষয়ে একটি বিস্তারিত সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন। মূলত কীভাবে সরকারি ও বেসরকারি সমন্বয়ে জাকাতকে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, সেটিই হবে এই কমিটির মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “সুষ্ঠু ও পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।” প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞগণ আশাবাদ ব্যক্ত করেন যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জাকাত সংগ্রহ ও বণ্টন করা গেলে তা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

















