জব্বারের বলীখেলায় টানা তিনবার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য ও বীরত্বের প্রতীক ১১৪তম ‘আবদুল জব্বার স্মৃতি বলীখেলায়’ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরীফ, যিনি দেশজুড়ে ‘বাঘা শরীফ’ নামেই পরিচিত।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি ময়দানে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তিনি গতবারের রানারআপ মো. রাশেদ বলীকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা অর্জনের গৌরব অর্জন করেন।
বিকেল তিনটায় বাঁশির সুরে খেলা শুরু হলেও দুপুর থেকেই লালদীঘি ঘিরে মানুষের ঢল নামে। তপ্ত রোদ উপেক্ষা করে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেয় হাজার হাজার মানুষ। এ বছর প্রতিযোগিতায় অংশ নেন ১০৮ জন বলী। প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল পর্ব পেরিয়ে সেমিফাইনালে মিঠু বলীকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। অন্যদিকে, সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন বাঘা শরীফ।
ফাইনালে গতবারের দুই প্রতিপক্ষ মুখোমুখি হলে পুরো মাঠে উত্তজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ ২৫ মিনিটের লড়াইয়ে শরীফ ও রাশেদ কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। তবে শেষ দিকে এসে বিশেষ কৌশলে রাশেদকে পরাস্ত করেন শরীফ। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই গ্যালারিতে শুরু হয় বিজয়োল্লাস। তৃতীয় স্থান অর্জন করেন মিঠু বলী।
এর আগে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্দীপ্ত করতে ১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই খেলার সূচনা করেছিলেন। শত বছর পেরিয়ে আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের মানুষ। বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি এলাকায় বিশাল মেলা বসেছে, যা চলবে আরও কয়েকদিন।

















