জঙ্গল সলিমপুর পুলিশের নিয়ন্ত্রণে, প্রয়োজনে কামান মোতায়েন: ডিআইজি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর দিয়েছে পুলিশ। সেখানে নিরাপত্তার জন্য র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করার কথা জানান চট্টগ্রামের ডিআইজি আহসান হাবীব পলাশ।
সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশের অভিযানের সময় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের ডিআইজি বলেন, আমাদের অভিযান চলমান। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট ৩ হাজার ২০০ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। ভোর থেকেই আমরা এখানে কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এবং আমরা তা পেরেছি। আজ থেকে এলাকার নিরাপত্তায় পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প চালু হবে।
এর আগে আজ সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটক করার কথা জানান তিনি।
তিনি বলেন, এলাকার অনেক অংশে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এখনো আমাদের কাছে সঠিক পরিসংখ্যান নেই।
পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কামান মোতায়েন করার কথাও বলেন ডিআইজি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন আমরা সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’

















