ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে শাস্তির ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

বাজারে অযোগ্য ও পুরোনো নোটের আধিক্য কমাতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সাধারণ গ্রাহকদের ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট প্রচলিত নীতিমালার আওতায় বদলে দিতে বাধ্য থাকবে ব্যাংকগুলো। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় একটি নির্দিষ্ট কাউন্টার বা বুথ সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো: প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় ৫, ১০, ২০ এবং ৫০ টাকার ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদল করার জন্য আলাদা কাউন্টার খুলতে হবে।
শাস্তিমূলক ব্যবস্থা: যদি কোনো ব্যাংক শাখা গ্রাহকদের কাছ থেকে এসব নোট গ্রহণে অস্বীকৃতি জানায় বা বদলে না দেয়, তবে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
আধিক্য কমানোর উদ্যোগ: বাজারে ইদানীং নিম্নমানের নোটের পরিমাণ বেড়ে যাওয়ায় জনভোগান্তি দূর করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোকে আগে থেকেই এসব নোট বদলে দেওয়ার নির্দেশনা দেওয়া থাকলেও মাঠ পর্যায়ে তার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে বাজারে অযোগ্য নোটের স্থিতি বেড়ে গেছে। নতুন এই নির্দেশনার ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই তাদের অব্যবহারযোগ্য টাকা ব্যাংকের যেকোনো শাখা থেকে বদলে নিতে পারবেন।

















