ছুটিতে অস্ট্রেলিয়া সফরে বিসিবি সভাপতি, ফিরবেন ২৬ মার্চ

দীর্ঘ বিরতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করছে। বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই সিরিজ শেষেই ক্রিকেটাররা পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পাবেন। তবে মাঠের ক্রিকেটের এই ব্যস্ততার মধ্যেই আলোচনায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং দীর্ঘ সময় ধরে দেশেই ফেরেননি। বর্তমানে মেলবোর্নে অবস্থানরত বিসিবি সভাপতির আগামী ২৬ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে বলে বিসিবির একটি সুত্র নিশ্চিত করেছে। দেশে ফেরার আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।
উল্লেখ্য যে, আমিনুল ইসলাম বুলবুলের এই অস্ট্রেলিয়া সফর নিয়ে এর আগে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তিনি হঠাৎ দেশ ছেড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও পরদিন সকালে তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা যায়।
পরে জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ীই তিনি বিদেশ সফরে যাচ্ছিলেন। তবে তার অনুপস্থিতিতে দেশের ক্রিকেট অঙ্গনে প্রশাসনিক অস্থিরতা ও আন্দোলনের খবর বেশ চাউর হয়েছে। বিসিবির বর্তমান কমিটির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঢাকার বেশ কিছু ক্লাবের সংগঠকরা শুরু থেকেই সরব রয়েছেন। নির্বাচন বয়কট করার পাশাপাশি অনেক ক্লাব বর্তমানে ঘরোয়া ক্রিকেট কার্যক্রম থেকেও নিজেদের দূরে সরিয়ে রেখেছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর আমিনুল ইসলাম বুলবুল নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। বিসিবি নির্বাচনে ক্ষমতা অপব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষুব্ধ সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর কাছে নালিশ জানিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিসিবি সভাপতির দেশে ফেরার পর এই তদন্ত কমিটির প্রতিবেদন এবং ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিরসনে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে আছে দেশের ক্রীড়ামহল।

















