গ্যাংস্টার লুকে ফিরছেন শাকিব, প্রকাশ্যে ‘প্রিন্স’ সিনেমার টিজার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে থাকা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র টিজার অবশেষে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারকে নির্মাতারা ‘প্রিব্লাস্ট’ হিসেবে অভিহিত করেছেন, যা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
টিজারে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নব্বই দশকের এক দুর্ধর্ষ গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে। লম্বা বাদামি চুল ও দাড়ির রাজকীয় লুকের পাশাপাশি ছোট চুলেও শাকিবের উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। দুই হাতে বন্দুক চালানো এবং শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার মতো বিধ্বংসী অ্যাকশন দৃশ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে, পর্দায় এক টানটান উত্তেজনার গল্প নিয়ে ফিরছেন তিনি।
টিজারের শেষে শাকিবের কণ্ঠে শোনা যাওয়া সংলাপ— ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি’—ইতিমধ্যেই ভক্তদের মুখে মুখে ফিরছে।
নব্বইয়ের দশকের ঢাকার অপরাধ জগতের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, যা তার ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পিরিয়ড ড্রামা ও অ্যাকশন ঘরানার এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি বিশেষভাবে নজরে এসেছেন বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
এছাড়া একঝলক দেখা মিলেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ একঝাঁক তারকা। বিগ বাজেটের এই নির্মাণটি এবারের ঈদের সিনেমা বাজারে শাকিব খানকে যে একধাপ এগিয়ে রাখল, তা টিজারেই স্পষ্ট।

















