গোলাম পরওয়ারের চোখ বাঁধায় এ্যানির হুঙ্কারে কেঁপেছিল ডিবি: সংসদে মিল্লাত

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কারাগারে বন্দি থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের চোখ বাঁধায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেছেন সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামালপুর-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় আমি, প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি একসঙ্গে জেলে ছিলাম। আমাদের মেরে ফেলার উদ্দেশ্যেই ফ্যাসিস্ট সরকার আমাদের বন্দি করেছিল। সেই সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেবকেও সেখানে আনা হয়।”
মিল্লাত আরও বলেন, “একদিন গোলাম পরওয়ার সাহেবকে চোখ বেঁধে রিমান্ডে নিয়ে যাচ্ছিল ডিবি। তখন এ্যানি চৌধুরী দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন— ‘তিনি একজন সাবেক সংসদ সদস্য, তার চোখ কেন বাঁধা হচ্ছে?’ এ্যানি চৌধুরীর সেই হুঙ্কারে ডিবি অফিসাররা প্রকম্পিত হয়েছিলেন। অথচ আজ সেই এ্যানি চৌধুরীর বিরুদ্ধেও বিরোধী দল থেকে নেতিবাচক কথা বলা শুরু হয়েছে।”
বিরোধীদলীয় নেতার ‘প্রতি বছর জুলাই আসবে’—এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মিল্লাত বলেন, “আপনারা আমাদের জুলাইয়ের ভয় দেখাচ্ছেন? জুলাইয়ে আমরা যেভাবে সফল হয়েছি, ইনশাআল্লাহ প্রতি জুলাইয়ে আমরা সেভাবেই সফল হব। জুলাই আন্দোলনের কথা ভুলে যাবেন না। এই আন্দোলনে প্রায় ১৪০০ প্রাণ ঝরেছে, যার মধ্যে এক হাজারের বেশি বিএনপির নেতাকর্মী। আমাদের ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

















