গণহত্যাকারী ও চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধুমাত্র গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) নবাগত সদস্যদের সংবর্ধনা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সামনের জাতীয় নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী নির্বাচনগুলোতে জনগণের একটি ভোটও নষ্ট হতে দেওয়া হবে না। প্রতিটি ভোটকেন্দ্রে আমাদের কড়া নজরদারি থাকবে। জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে এনসিপি রাজপথে ও কেন্দ্রে সক্রিয় থাকবে।”
সরকারের বিভিন্ন সমস্যার সমাধান ‘কার্ড’ বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে করার প্রবণতাকে কটাক্ষ করে তিনি বলেন, “সরকার প্রধান যদি সব কিছুর সমাধান কার্ডেই খুঁজে পান, তবে সন্ত্রাসবাদের সমাধানও একটি ‘সন্ত্রাসবিরোধী কার্ড’ দিয়ে করতে পারেন।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন টাকা ছাপানো নিয়ে এনসিপি মুখপাত্র প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সরকার দেদারসে টাকা ছাপিয়েছে। এখন এটাকে যদি ‘ছাপানো’ না বলা হয়, তবে আসলে কী বলতে হবে? অর্থনীতির এই সংকটে সত্য গোপন করা হচ্ছে।”
আসিফ মাহমুদ জানান, এনসিপি বর্তমানে সারাদেশে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে তারা আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা রাখতে চান।
সংবর্ধনা অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবাগত সদস্যরা উপস্থিত ছিলেন।

















