কেন হাজার টাকার স্টারলিংক ব্যবহার করবে সাধারণ মানুষ!

পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল কিংবা গভীর সমুদ্র—দেশের সব দুর্গম প্রান্তে উচ্চগতির ইন্টারনেটের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে স্টারলিংক চালু হয়েছিল ঠিক এক বছর আগে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সাধারণ গ্রাহকদের মধ্যে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বর্তমানে উচ্চমূল্য এবং বিদ্যমান অবকাঠামোর কারণে প্রশ্ন উঠেছে— যেখানে মাত্র ৫০০ থেকে ১০০০ টাকায় ফাইবার ব্রডব্যান্ড পাওয়া যাচ্ছে, সেখানে হাজার হাজার টাকা খরচ করে কেন মানুষ স্টারলিংক ব্যবহার করবে?
খাত সংশ্লিষ্টদের মতে, স্টারলিংকের প্রসারে সবচেয়ে বড় বাধা এর আকাশছোঁয়া দাম। মোবাইল ফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “শহর ও আধা-শহর এলাকায় ৫০০ থেকে ১২০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাচ্ছে। সেখানে স্টারলিংকের কিট কেনা এবং মাসিক ব্যয় কয়েক হাজার টাকা হওয়া সাধারণ মানুষের জন্য অবাস্তব।” এছাড়া ডাটা ক্যারি-ফরোয়ার্ড সুবিধা না থাকা এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার না থাকাকে বড় ঘাটতি হিসেবে দেখছেন তিনি।
তবে স্টারলিংকের কর্মকর্তারা একে সাধারণ ইন্টারনেটের বিকল্প নয়, বরং ‘পরিপূরক’ হিসেবে দেখছেন। সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার শাহ আহমেদুর কবির জানান, ফাইবার নেটওয়ার্ক যেখানে পৌঁছাতে পারে না, সেখানেই স্টারলিংকের প্রকৃত প্রয়োজন। তিনি বলেন, “আমরা ডাটা-পুল মডেল নিয়ে কাজ করছি যাতে দীর্ঘমেয়াদে খরচ কমিয়ে আনা যায়। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকবান্ধব ও সাশ্রয়ী প্যাকেজ আনা সম্ভব হবে।”
বর্তমানে সাধারণ মানুষের মধ্যে এর বিস্তার কম হলেও করপোরেট ও কৌশলগত খাতে স্টারলিংকের নীরব প্রসার ঘটছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ইতোমধ্যে রেলওয়ে এবং সামুদ্রিক জাহাজ চলাচলের ক্ষেত্রে এর পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। অফশোর জোন বা গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার ক্যাবল পৌঁছানো সম্ভব নয়, সেখানে স্টারলিংকই এখন একমাত্র ভরসা।
বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে স্টারলিংককে তিনটি চ্যালেঞ্জ জয় করতে হবে— সাশ্রয়ী মূল্য নির্ধারণ, স্থানীয় চাহিদাপযোগী প্যাকেজ এবং শক্তিশালী স্থানীয় সাপোর্ট সেন্টার। ইলন মাস্কের এই প্রযুক্তি বাংলাদেশে একটি বিপুল সম্ভাবনাময় হাতিয়ার হলেও, এর গণমুখী হয়ে ওঠা এখন কেবল সময়ের এবং দাম কমার অপেক্ষামাত্র।

















