এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, ‘বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। চার ঘন্টা পথ পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উনাকে ভর্তি করা হবে।’
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে আনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিনী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল রয়েছেন।
গেল শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। সেদিন পৌনে চার ঘন্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে আনা হয় মির্জা আব্বাসকে।
এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

















