এমপি মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এই অসুস্থতার সংবাদে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আরোগ্য কামনা করেন। পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পান। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে অল্প ব্যবধানে পরাজিত হন।
নির্বাচনী ময়দানের সেই লড়াই ছাপিয়ে অসুস্থতার দিনে মির্জা আব্বাসের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর এই সহমর্মিতা ও সৌজন্যবোধ রাজনৈতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে।

















