এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩১ লাখ ডলার।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু তাই নয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের তুলনায় ১৯.৮০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলারের উপরে।
তথ্য বলছে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা রেকর্ড ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন। বর্তমানের এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স আহরণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের প্রণোদনা এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে প্রবাসী আয়ে এই সুবাতাস বইছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















