ঈদে সিয়ামের নতুন চমক ‘রাক্ষস’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন সিনেমার হাওয়া। সেই আমেজে বাড়তি উন্মাদনা যোগ করতে প্রকাশিত হলো চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয় চমক, যার রেশ ধরে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয় পোস্টার এবং মধ্যরাতে অবমুক্ত করা হয় কাঙ্ক্ষিত ট্রেলার।
প্রকাশিত ট্রেলারটি যেন আক্ষরিক অর্থেই এক ভয়ংকর গল্পের আভাস দিয়েছে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারটির শুরুতেই শোনা যায় সিয়াম আহমেদের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে নায়ক বলেন— “মানুষ বলে নারী কীসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না— নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে…” এরপরই স্ক্রিনে ভেসে ওঠে নৃশংস ও মারকাটারি হত্যার দৃশ্য। চোখের পলকেই শান্ত পরিবেশ রূপ নেয় রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়তে দেখা যায়।
তবে এই ভয়ংকর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প। ট্রেলারের পরের অংশে রোমান্টিক সিয়ামকে দেখা যায় নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি তার অন্ধ প্রেমের কথা ব্যক্ত করতে। সিয়ামকে বলতে শোনা যায়— “তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম।” এই আবেগঘন মুহূর্তগুলো জানান দেয় যে, গ্যাংস্টার জীবনের বাইরেও ‘রাক্ষস’-এর একটি কোমল ও দুর্বল জায়গা আছে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, তার আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্স থাকছে এই সিনেমায়। পরিচালক ও কলাকুশলীরা আশাবাদী যে, ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতার স্বাদ দেবে ‘রাক্ষস’। সিয়ামের এই সম্পূর্ণ নতুন রূপ এবং সুস্মিতার সঙ্গে তার রসায়ন ঢাকাই সিনেমার দর্শকদের জন্য এক বড় আকর্ষণ হতে যাচ্ছে।

















