ঈদের ছুটিতে বিএমইউ বহির্বিভাগে ৬৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির মাঝেও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ মোট ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ছুটির এই সময়ে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সকল পরীক্ষানিরীক্ষা সেবাও নিশ্চিত করা হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ রোগীদের পরীক্ষানিরীক্ষা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিল। বিশেষ করে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধীনে এক্সরে এবং সিটিস্ক্যান সুবিধা সচল রাখা হয়েছে। উল্লেখ্য যে, বহির্বিভাগের পাশাপাশি হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও প্রচলিত নিয়মে ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
আজ বৃহস্পতিবার এবং আগামী রোববার (২২ মার্চ) এই বিশেষ সেবা কার্যক্রমে চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ প্রায় ৫০০ জন কর্মী নিয়োজিত থাকছেন। একইভাবে ইনডোর ও জরুরি বিভাগের কার্যক্রম সচল রাখতে আরও ৫০০ জনবল নিরলস দায়িত্ব পালন করছেন।
সেবা কার্যক্রম তদারকি করতে আজ বহির্বিভাগ ও ল্যাবসমূহ পরিদর্শন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক ডা. মোহাম্মদ আবু নাছের এবং সহকারী পরিচালক মোঃ মাহবুবুল হক সরকার। হাসপাতাল পরিচালক নিশ্চিত করেন যে, আগামী রবিবারও (২২ মার্চ) বহির্বিভাগ খোলা থাকবে এবং রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হবে।
ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানানো হয় যে, পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য উন্নতমানের বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ নিয়মিত সময়সূচী অনুযায়ী চলবে।

















