ইরানের পাঁচটি তেল স্থাপনায় মার্কিন হামলা

ইরানের রাজধানী তেহরানসহ আশপাশের পাঁচটি তেল প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় চারজন নিহত হয়েছেন বলে খবর জানিয়েছে এএফপি।
রোববার ইরানের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানি তেলজাত পণ্য বিতরণ সংস্থার প্রধান নির্বাহী কেরামত ভেইস্কারামি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, গত রাতে তেহরান ও আলবোরজে চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্রে বিমান হামলা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের চার কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন তেল ট্যাংকার চালক ছিলেন। স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভেইস্কারামি বলেছেন, ইরানের তেল ডিপোগুলোতে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত আছে।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানে রাতভর আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সকালেও পুরো শহর ধোঁয়ায় ঢেকে ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বাতাসে এখনো পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। হামলার প্রথমদিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।
হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

















