ইরানের অস্ত্র কারখানায় হামলা করলো ইসরাইল

ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী।
রোববার (২৯ মার্চ) রাতে পরিচালিত এই অভিযানে অন্তত ৮০টি বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের দীর্ঘ পাল্লার অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সংযোজন কেন্দ্র, ট্যাঙ্ক-বিধ্বংসী ও বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরির কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন ও গবেষণার জন্য ব্যবহৃত একটি জটিল স্থাপনা।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্যমতে, ইরানের সামরিক সক্ষমতা ও অস্ত্র উৎপাদন শিল্পকে পঙ্গু করে দিতেই এই হামলার মাত্রা বাড়ানো হয়েছে। গত দুই দিনে প্রায় ৪০টি বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলি বিমানবাহিনী।
বিশেষ করে ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন কেন্দ্রগুলোকে ধ্বংস করার ওপর জোর দেওয়া হয়েছে এই অভিযানে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে এই বড় ধরনের হামলা নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

















