ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন মাসচেরানো

চার মাস আগে তার নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস ট্রফি জিতেছিল ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। এবারও সেই লক্ষ্য নিয়ে হাভিয়ের মাসচেরানোর অধীন মৌসুম শুরু করেছিল তারা। কিন্তু লিগে মাত্র সাত ম্যাচ যেতেই ইন্টার মায়ামিকে বিদায় বললেন আর্জেন্টাইন এই কোচ।
মঙ্গলবার এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণেই’ মাসচেরানো দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, গত শনিবার নিউইয়র্ক বুলসের বিপক্ষে ২–২ গোলে ড্র ম্যাচের পরই মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান। তার জায়গায় আপাতত প্রথম দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গিলের্মো হয়োস, যিনি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন।
কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দেওয়া বিবৃতিতে মাসচেরানো বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য সবার আগে আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। সংগঠনের প্রতিটি কর্মীকেও ধন্যবাদ সম্মিলিত প্রচেষ্টার জন্য। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ খেলোয়াড়দের প্রতি, তাদের কারণেই আমরা অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি।’
মাসচেরানো একসময় লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনা ও বার্সেলোনায় খেলেছেন। খেলা ছেড়ে ২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনোর স্থলাভিষিক্ত হয়ে আসেন ইন্টার মায়ামিতে। প্রায় দেড় বছর মেসি–সুয়ারেজদের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের সাবেক এই কোচ মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল ও লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। ২০২৫ সালে ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েন। এবার ২০২৬ মৌসুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে মায়ামি। তবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
মাচেরানোর বিদায় নিয়ে ক্লাবের মালিক হোর্হে মাস বিবৃতিতে বলেন, ‘হাভিয়ের এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং ইন্টার মায়ামি পরিবারের কাছে সব সময় বিশেষ জায়গা ধরে রাখবেন। এমএলএস কাপ জয় বা ক্লাব বিশ্বকাপে দলের ঐতিহাসিক পারফরম্যান্স—এমন সব স্মরণীয় অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার নিষ্ঠা ও প্রতিদিনের পরিশ্রম দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া হয়োস এর আগে বিশ্বের বিভিন্ন লিগের ক্লাবগুলোয় দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বলিভিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন।

















