আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ

আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘প্রতারণা’র গুরুতর অভিযোগ এনেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি দাবি করেন, লিওনেল মেসিসহ বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে কেরালায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রায় ২৫০ কোটি টাকা জোগাড় করা হয়েছিল। কিন্তু বিশাল অংকের এই অর্থ নেওয়ার পরও আর্জেন্টিনা দল কেরালায় খেলতে না এসে রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক এই দলটিকে আনতে তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন, তাই তাদের এই সিদ্ধান্তে তিনি এবং কেরালার ফুটবলপ্রেমীরা গভীরভাবে হতাশ।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, খোঁজ নিয়ে দেখা গেছে আর্জেন্টিনা দল কেবল কেরালার সাথেই নয়, বরং আরও পাঁচটি দেশের সঙ্গে একই আচরণ করেছে। ওই দেশগুলো থেকেও টাকা নিয়ে তারা খেলতে যায়নি। এই পরিস্থিতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা করার এবং ক্ষতিপূরণ দাবি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত বছরের নভেম্বরেই মন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের মার্চ মাসে মেসি ও তার দল কেরালা সফরে আসবে, কিন্তু শেষ মুহূর্তে তাদের না আসাটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে কেরালা সরকার।
এদিকে ফুটবল বিতর্কের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও মুখ খুলেছেন ভি আব্দুরাহিমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে তিনি এবার তানুর ছেড়ে নিজের জন্মস্থান তিরুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই এলাকায় উন্নয়নের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সহজ জয়ের জন্য নয় বরং নিজ এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি এই চ্যালেঞ্জ নিয়েছেন।
তিনি আত্মবিশ্বাসের সাথে দাবি করেন যে, তার আসন পরিবর্তনে দলের কোনো ক্ষতি হবে না এবং কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) ভালো ফলাফল করবে।

















