আমিরাতের উপকূলে কুয়েতের তেল ট্যাংকারে হামলা

সংযুক্ত আরব আমিরাত উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আক্রান্ত ট্যাংকারটির নাম ‘আল-সালামি’। ২০১১ সালে নির্মিত এই জাহাজটি কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা পরিচালনা করে। হামলার সময় এটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীনের কুইনদাও বন্দরের দিকে যাচ্ছিল। এর মধ্যে ১২ লাখ ব্যারেল সৌদি আরবের এবং ৮ লাখ ব্যারেল কুয়েতের তেল ছিল। দুবাই কর্তৃপক্ষ হামলার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
ট্যাংকার ট্র্যাকার্স নামক অপর একটি সংস্থার তথ্যমতে, গত মাসে ট্যাংকারটিতে তেল বোঝাই করা হয়েছিল। সাধারণত চীনগামী জাহাজে ইরান হামলা চালায় না বলে প্রচলিত ধারণা থাকলেও আল-সালামির ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল। এর আগে চীন জানিয়েছিল যে, তাদের দুটি তেলের ট্যাংকার সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। কুয়েতের ট্যাংকারে এই হামলার পর ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

















