অ্যাকশন ছেড়ে আবারও রোমান্সে ফিরছেন শাহরুখ খান

‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার অ্যাকশন সিনেমার পর আবারও নিজের চিরচেনা ‘কিং অফ রোমান্স’ অবতারে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। ভক্তদের জন্য বড় খবর হলো, আসন্ন ‘কিং’ সিনেমার পর শাহরুখকে সম্ভবত একটি বড় বাজেটের রোমান্টিক ড্রামায় দেখা যাবে। তবে এটি তার আগের সিনেমাগুলোর মতো সাধারণ কোনো প্রেমের গল্প নয়, বরং বর্তমান বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গভীর ও পরিণত (Mature) প্রেমকাহিনী হতে যাচ্ছে। জানা গেছে, শারীরিক পরিশ্রমসাধ্য অ্যাকশন দৃশ্য থেকে সাময়িক বিরতি নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিনেমার গল্পটি হবে অত্যন্ত আবেগঘন এবং আধুনিক জীবনবোধের ওপর ভিত্তি করে। সূত্র মারফত জানা গেছে, এটি কোনো পুরনো চরিত্রের পুনরাবৃত্তি হবে না, বরং এখানে শাহরুখকে এমন এক চরিত্রে দেখা যাবে যা তাকে আবারও রোমান্সের ‘পোস্টার বয়’ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরবে। চিকিৎসকের পরামর্শ এবং পুরনো কিছু ছোটখাটো চোটের কারণে শাহরুখ এখন থেকে খুব বেশি শারীরিক কসরত প্রয়োজন এমন চরিত্রে অভিনয় কমিয়ে দিতে চাইছেন। ফলে ২০২৭ সালের শুরু থেকেই তিনি এই নতুন রোমান্টিক প্রজেক্টের কাজ শুরু করতে পারেন।
অন্যদিকে, বলিউডে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে জনপ্রিয় পরিচালক ফারাহ খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন শাহরুখ। ২০০৪ সালের সুপারহিট সিনেমা ‘ম্যায় হুঁ না’-এর সিক্যুয়েল ‘ম্যায় হুঁ না ২’ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। শাহরুখ বর্তমানে ফারাহ খানের এই সিক্যুয়েল এবং প্রস্তাবিত নতুন রোমান্টিক ড্রামা—উভয় স্ক্রিপ্ট নিয়েই বেশ আগ্রহী। সব ঠিক থাকলে আগামী জুনের মধ্যেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে কোনো প্রজেক্টেরই আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
শাহরুখের পরবর্তী বড় চমক হতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘কিং’, যা ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাটি ভক্তদের জন্য স্পেশাল কারণ এতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও সিনেমাটিতে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুরের মতো একঝাঁক তারকাকে দেখা যাবে। আপাতত ‘কিং’-এর কাজ শেষ করে নতুন বছরের শুরুতেই শাহরুখ তার রোমান্টিক ড্রামার শুটিং সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

















