অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

হলিউডের কালজয়ী সিনেমা ‘সুপারম্যান’-খ্যাত অস্কার মনোনীত অভিনেত্রী ভ্যালেরি পেরিন ৮২ বছর বয়সে পরলোকগমন করেছেন। সোমবার (২৩ মার্চ) দীর্ঘদিন পারকিনসন রোগের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে তার শরীরে এই রোগ শনাক্ত হওয়ার পর ২০১৯ সালে তাকে নিয়ে ‘ভ্যালেরি’ শিরোনামে একটি তথ্যচিত্রও নির্মিত হয়। ২০২৩ সালে এক প্রতিবেদনে জানা যায়, অসুস্থ ভ্যালেরি ও তার ভাইয়ের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন নির্মাতা সাউদার নিজেই।
ভ্যালেরি পেরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল লাস ভেগাসের শো-গার্ল হিসেবে। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ এবং ১৯৭৩ সালে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তবে বব ফস পরিচালিত ১৯৭৪ সালের ‘লেনি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।
বিশ্বজুড়ে তিনি ব্যাপক পরিচিতি পান রিচার্ড ডনারের ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাচার চরিত্রে অভিনয় করে। এছাড়া মার্কিন টিভিতে প্রথম অভিনেত্রী হিসেবে ‘স্টিমবাথ’ নাটকে সাহসী উপস্থিতির জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
পেশাগত সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে বারবার ট্র্যাজেডির শিকার হয়েছেন এই অভিনেত্রী। তার বাগদত্তা এক বন্দুক আমদানিকারক দুর্ঘটনাবশত নিজের গুলিতে মারা যাওয়ার পর তিনি লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। সেখানে প্রখ্যাত হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু দুর্ভাগ্যবশত জে সেব্রিংও শ্যারন টেটের বাড়িতে ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হলিউড ইতিহাসে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন ভ্যালেরি পেরিন।

















