অগ্ন্যাশয়ের ক্যান্সারে নতুন ওষুধ আবিষ্কার, মৃত্যুঝুঁকি কমবে ৬০ শতাংশ

অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্যের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। নতুন আবিষ্কৃত একটি পরীক্ষামূলক ট্যাবলেট ব্যবহারে প্রচলিত কেমোথেরাপির তুলনায় রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যেতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।
তৃতীয় ধাপের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ৫০০ জন ক্যান্সার আক্রান্ত রোগীর ওপর এই পরীক্ষা চালানো হয়।
গবেষণায় দেখা গেছে, রোগীরা যদি প্রতিদিন অন্তত একবার ‘ড্রেক্সোনরাসিব’ (Drexonrasib) নামের এই ওষুধটি গ্রহণ করেন, তবে কেমোথেরাপি নেওয়া রোগীদের তুলনায় তাদের মৃত্যুঝুঁকি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।
অগ্ন্যাশয়ের ক্যান্সারকে চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত আক্রমণাত্মক এবং প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার পরও এই রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। গবেষকদের মতে, উন্নত পর্যায়ের প্যানক্রিয়াটিক ক্যান্সার রোগীদের জন্য এই ট্যাবলেটটি কেমোথেরাপির তুলনায় অনেক কম কষ্টদায়ক এবং কার্যকর বিকল্প হতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান উলপিন এই উদ্ভাবন সম্পর্কে বলেন, “যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি কাজ করছে না, তাদের জন্য এই নতুন ওষুধটি এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে। এটি ক্যান্সার চিকিৎসার ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।”
সূত্র: সামা।

















