৭৫ হাজার দর্শককে হতাশ করে তিন গোলে হেরেছে মেসির মায়ামি

ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিলনা এতটুকুও। সেই রোমাঞ্চ উপভোগ করতে মাঠে হাজির হয়েছিলেন ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। এটি ছিল মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের রেকর্ড।
কিন্তু হতাশ হতে হয়েছে দর্শকদের। যখন নিষ্প্রভ লিওনেল মেসি, আলো জ্বলেনি মায়ামি শিবিরে। একতরফা ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩ গোল খেয়ে মেজর লিগ সকারের শিরোপা ধরে রাখার মিশন শুরু করল মায়ামি।
বাংলাদেশ সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ম্যাচে ৬৯ শতাংশ সময় বল ছিল মায়ামির কাছে। কিন্তু কাজের কাজ করতে পারেনি মেসির দল। ঘরের মাঠে পেয়ে বরং লস অ্যাঞ্জেলসই বারংবার আক্রমণে কাঁপন ধরিয়েছে মায়ামির দুর্গে।
গোলে ১০টি শট নিয়ে ২টি কেবল লক্ষ্যে রাখতে পারে মায়ামি। কিন্তু পরাস্ত করতে পারেনি বিশ্বকাপজয়ী গোলকিপার উগো লরিসকে। লস অ্যাঞ্জেলস গোলে ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৫টি। এর ৩টিই কাজে লাগায় তারা।
বছরের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে একদমই বিবর্ণ ছিলেন মেসি। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন তিনি মাঠে। তার প্রতিপক্ষ দলের সবচেয় বড় তারকা সন হিউং-মিন গোল না পেলেও ম্যাচজুড়ে খেলেছেন দুর্দান্ত।
গত মৌসুমে ইতিহাস গড়া সাফল্যের পর এই মৌসুমে অবশ্য অনেকটা নতুন চেহারায় শুরু করেছে মায়ামি। বড় দুই ভরসা জর্দি আলবা ও সের্হিও বুসকেতস অবসরে চলে গেছেন। শুরুর একাদশেই অভিষিক্ত ফুটবলার ছিলেন তিনজন, পরে নামানো হয় নতুন আরেকজনকে। লিগে মেসিদের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী ২ মার্চ ভোরে।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে এই প্রথম মেসি মাঠে থাকার পরও গোল না করেই হেরেছে মায়ামি। সবশেষটি ছিল সেই ১৩ সেপ্টেম্বর। শার্লটের বিপক্ষে সেই ম্যাচেও ৩-০ ব্যবধানে হেরেছিল মেসির দল।

















