শুরু হতে না হতেই কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিন: অভিনেতা সোহেল রানা

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম শুরু হতে না হতেই কিছু মন্ত্রীর ‘অতিকথন’ ও অপ্রাসঙ্গিক বক্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সচেতন নাগরিক সমাজের মতে, দায়িত্ব পাওয়ার পর কয়েকজন মন্ত্রীর এখতিয়ারবহির্ভূত এবং হঠকারী কথা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বিশিষ্ট অভিনেতা সোহেল রানা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক বার্তায় সোহেল রানা নতুন সরকারের প্রতি সংহতি জানিয়েও মন্ত্রীদের আচরণের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের মানুষ অত্যন্ত আশা ও আনন্দের সাথে গ্রহণ করেছে। তবে এই অর্জনকে ম্লান করে দিচ্ছে কিছু মন্ত্রীর অহেতুক গণমাধ্যমে উপস্থিতি এবং টালমাটাল বক্তব্য।
সোহেল রানা তার পোস্টে মন্ত্রীদের মিডিয়া ট্রায়াল ও ঘনঘন ক্যামেরার সামনে দাঁড়ানোর সমালোচনা করেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, “কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদের প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই।” তিনি মনে করেন, দাপ্তরিক খবরের জন্য ওই দপ্তরের নির্দিষ্ট মুখপাত্রই যথেষ্ট। বিশেষ প্রয়োজনে কোনো মন্ত্রী যদি মিডিয়ার সামনে আসতেই হয়, তবে তা প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ হওয়া উচিত।
নতুন মন্ত্রীদের অভিজ্ঞতার অভাব এবং রাজনৈতিক কর্মীর মতো বক্তব্য দেওয়ার প্রবণতাকে দায়ী করে তিনি বলেন, অনেকেই ভুলে গেছেন তারা এখন আর কেবল রাজনৈতিক নেতা নন, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। কেউ কেউ নিজের দপ্তরের বাইরে গিয়েও বিভিন্ন বিষয়ে ‘জিহাদ ঘোষণা’ করছেন। সোহেল রানা সতর্ক করে দিয়ে বলেন, এখনই যদি এসব লাগামহীন বক্তব্যের লাগাম টেনে ধরা না হয়, তবে “লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।”
















