গণভোটের আইনি ভিত্তি নেই, বিএনপি ‘জুলাই সনদে’ সই করেছে বাধ্য হয়ে: মেজর হাফিজ

ভোলার লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানান, গণভোটের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া।
মেজর হাফিজ অভিযোগ করেন, গণভোটের এই বিষয়টি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিএনপি প্রাথমিকভাবে এই গণভোটের পক্ষে ছিল না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দলটির কাছে মনে হয়েছে যে, এতে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। মূলত নির্বাচনের পথ সুগম করতেই বিএনপি অনেকটা বাধ্য হয়ে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।
সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ার সমালোচনা করে এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, সংবিধানের মতো রাষ্ট্রের সর্বোচ্চ আইন পরিবর্তনের অধিকার কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরই থাকা উচিত। তিনি মনে করেন, বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট গণভোটের মতো ব্যবস্থার জন্য এখনো উপযুক্ত নয়।
মেজর হাফিজ আরও বলেন, বর্তমান সময়ে গণভোটের পক্ষে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে, তার মধ্যে যথেষ্ট অস্পষ্টতা ও বিভ্রান্তি রয়েছে। জনগণের ইচ্ছা-অনিচ্ছার সঠিক প্রতিফলন এই প্রক্রিয়ায় ঘটবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

















