সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে: কাল থেকে রোজা শুরু

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে আজ মাগরিবের পর থেকেই চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং পর্যবেক্ষণ শেষে কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে ১৪৪৭ হিজরি সনের অর্ধচন্দ্র দেখা মিলেছে।

পবিত্র দুই মসজিদের খবর প্রচারকারী জনপ্রিয় ওয়েবসাইট ‘হারামাইন’ এক বার্তায় নিশ্চিত করেছে: “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।”
তারা আরও জানায়, আজ এশার নামাজের পর থেকেই সৌদি আরবের মসজিদগুলোতে শুরু হবে পবিত্র তারাবির নামাজ।
চাঁদ দেখার খবরের সাথে সাথে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়াও করা হয়েছে। হারামাইনের বার্তায় বলা হয়: “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুন। তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন।”
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে আজ রোজা শুরু হওয়ায় সাধারণত তার একদিন পর থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় রমজান মাস শুরু হয়। তবে বাংলাদেশে রমজান কবে থেকে শুরু হবে, তা আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর নিশ্চিত হওয়া যাবে।
















