নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করছেন ড. ইউনূস

১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি দেশের হাল ধরা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে আজ তিনি দেশবাসীর কাছ থেকে বিদায় নিতে উপস্থিত হয়েছেন।
ভাষণে ড. ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর তাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল অচল হয়ে পড়া দেশটিকে পুনরায় সচল করা। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেদিন ছিল এক মহা মুক্তির দিন, যেদিন তরুণ ছাত্র-জনতা দেশকে ‘দৈত্যের গ্রাস’ থেকে মুক্ত করেছিল। দেশ মুক্ত হলেও রাষ্ট্রযন্ত্র তখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল, যা সচল করাই ছিল অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম এবং সবচাইতে কঠিন কাজ।
নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করে বিদায়ী প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য ছাত্রনেতারা যখন তাকে প্রস্তাব দেন, তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন। শুরুতে তিনি এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তবে জাতির প্রতি কর্তব্যের কথা বিবেচনা করে এবং ছাত্রদের অনুরোধে তিনি এই গুরুভার গ্রহণ করেন। দীর্ঘ ১৮ মাস নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন শেষে এখন তার বিদায় নেওয়ার সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন।
















