জুলাই সনদে স্বাক্ষর করায় এনসিপিকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলটির পক্ষে আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই সনদে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।
স্বাক্ষর গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল এবং জুলাই জাতীয় সনদও পূর্ণতা লাভ করল। নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে এই দলিল প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা দেবে। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।”
তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন নির্বাচিত সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং সামনের দিনগুলোতে সবার জন্য শুভকামনা জানান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন। একই সঙ্গে আমরা দুটো শপথ নিতে যাচ্ছি—একটি সংসদের সদস্য হিসেবে, অন্যটি জুলাই সনদের আদর্শ বাস্তবায়নের। দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা তা বাস্তবায়ন করব।”
তিনি আরও উল্লেখ করেন যে, যদিও এনসিপি সবার শেষে এই সনদে স্বাক্ষর করল, তবে শুরু থেকেই এর মূল চেতনা ও সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে তারা রাজপথে ও রাজনৈতিকভাবে সর্বোচ্চ তৎপর ছিল।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এনসিপি তখন এর আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে স্বাক্ষর থেকে বিরত ছিল। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল জনমত সনদের পক্ষে যায়। এরপরই এনসিপি আনুষ্ঠানিকভাবে এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

















