সরকারি গাড়ি-প্লট সুবিধা নিচ্ছেন না জামায়াতের ৬৮ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর নিজেদের নৈতিক অবস্থানের জানান দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি গ্রহণ করবেন না। আজ সোমবার দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে শিশির মনির উল্লেখ করেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না। ইনশাআল্লাহ।” মূলত গত বছরের ৭ নভেম্বর সিলেটে এক সুধী সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই অঙ্গীকার করেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, আগামীতে দলটির কোনো প্রতিনিধি সংসদ সদস্য নির্বাচিত হলে তারা ব্যক্তিগত বিলাসিতার এসব সরকারি সুবিধা বর্জন করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট বড় সাফল্য পেয়েছে। ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে এই জোট মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন লাভ করেছে, যা দলটির সংসদীয় ইতিহাসের সর্বোচ্চ অর্জন।
জোটের শরিকদের মধ্যে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা গ্রহণের আগেই বিলাসিতা বর্জনের এই সিদ্ধান্ত জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সংসদীয় সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

















