এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অফিসে গতকাল মঙ্গলবার তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপোল ও ফরাসি পুলিশের সহায়তা প্যারিস প্রসিকিউটরের সাইবার ক্রাইম ইউনিট এই তল্লাশি চালায়।
প্যারিস প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে বলেছে, এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে গত এক বছর ধরে চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। তবে সম্প্রতি এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রক’ এর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ওঠার পর তদন্ত বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়। এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন এক ফরাসি আইনপ্রণেতা।
অভিযোগে বলা হয়, স্বয়ংক্রিয় ডেটা প্রক্রিয়াকরণ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে গুরুতর ব্যাঘাত সৃষ্টি করতে পারে এক্সের অ্যালগরিদম। তার অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্তে নেমেছে প্রসিকিউটর। বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্ল্যাটফর্মটি আইন মেনে চলছে কিনা সেটা খতিয়ে দেখাই তাদের উদ্দেশ্য।
এক্সের এআই চ্যাটবট ‘গ্রক’ এর বিরুদ্ধে নতুন করে ওঠা অভিযোগগুলোর মধ্যে আরও রয়েছে— শিশু পর্নোগ্রাফির ছবি সংরক্ষণ ও প্রচার এবং যৌন অসঙ্গতিপূর্ণ ডিপফেক কনটেন্টের মাধ্যমে ব্যক্তির ইমেজ অধিকার লঙ্ঘন।
তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল আদালতে শুনানিতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। এক্সের আরও কয়েকজন কর্মীকেও সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।
এ বিষয়ে এখনো এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে গত জুলাই মাসে অভিযোগ অস্বীকার করে ইলন মাস্ক বলেছিলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে এ তদন্ত শুরু করেছেন ফরাসি প্রসিকিউটররা।’ অভিযানের পর এক্স প্ল্যাটফর্ম বর্জন করেছে প্যারিস প্রসিকিউটর কার্যালয়। এখন থেকে সব আনুষ্ঠানিক যোগাযোগ মাইক্রোসফটের লিংকডইন ও মেটার ইনস্টাগ্রামের মাধ্যমে করবে তারা।


















