জামায়াত আমিরের এক্স অ্যাকউন্ট হ্যাক ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হ্যাকিংয়ের এই ঘটনার সূত্র ধরে মঙ্গলবার রাত ১২টার পর রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতেও অভিযান চালায় ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করতেই এই তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে ৩১ জানুয়ারি, বিকাল ৪টায় ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। বিকাল ৪টা ৩৭ মিনিটে হ্যাকাররা অ্যাকাউন্ট থেকে একটি অননুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করে। বিকাল ৫টা ০৯ মিনিটে জামায়াতের আইটি টিম পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। বিকাল ৫টা ২২ মিনিটে হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জরুরি ঘোষণা দেওয়া হয়।
জামায়াতের দাবি, তাদের তদন্তে দেখা গেছে দলীয় কেন্দ্রীয় ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। আশ্চর্যজনকভাবে, সেই মেইলটি বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে এসেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই মেইলের মাধ্যমেই মূলত ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল।
ঘটনার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর যথাযথ ব্যবস্থা না পাওয়ায় মঙ্গলবার বিকেলে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

















