মোস্তাফিজের ৯ কোটি বাঁচাতে গিয়ে আইসিসির ৬ হাজার কোটি হারানোর পথে!

ক্রিকেটকে বলা হয় ‘ভদ্রলোকের খেলা’, কিন্তু উপমহাদেশীয় রাজনীতির মারপ্যাঁচে সেই ভদ্রতা এখন নির্বাসনে। আইপিএলে মোস্তাফিজুর রহমানের ৯ কোটি ২০ লাখ রুপি আটকাতে গিয়ে এখন খোদ আইসিসিকে ৬ হাজার কোটি টাকারও বেশি গচ্চা দেওয়ার উপক্রম হয়েছে। মাঠের বাইরের এই রাজনীতি যেন এক অদ্ভুত ‘মাস্টারক্লাস’, যেখানে জয়ী কেউ নেই, হেরে যাচ্ছে শুধু ক্রিকেট।
গল্পটা শুরু হয়েছিল গত ১৬ ডিসেম্বর। আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও উগ্রপন্থীদের বিরোধিতার মুখে ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এই একটি ঘটনাই বিশ্ব ক্রিকেটে ‘ডমিনো ইফেক্ট’ বা চেইন রিঅ্যাকশনের জন্ম দিয়েছে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানায়। এই অনড় সিদ্ধান্তের কারণে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দেয়।
এরই প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে, তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে না। মূলত বাংলাদেশের প্রতি সংহতি এবং ভারতের সাথে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
রাজনীতির এই জেদ এখন আইসিসির পকেটে বড় ধরনের টান দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র দাবি অনুযায়ী:
ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল: এই একটি ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি ডলার বা ৬,১২০ কোটি টাকার বিশাল বাজার জড়িত।
বাংলাদেশ বর্জন: বাংলাদেশের খেলা না থাকায় ক্ষতি হতে যাচ্ছে আরও প্রায় ৩৩০ কোটি টাকা।
বিপাকে আইসিসি: মুনাফা কমলে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে যুক্ত সবকটি দেশই।
আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি-উল-হাসানের মতে, বিসিসিআই মোস্তাফিজ ইস্যুটি ব্যক্তিগতভাবে সমাধান করতে পারত। প্রকাশ্যে বিবৃতি দিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা পরিস্থিতিকে রাজনৈতিক রূপ দিয়েছে। ক্রিকেট প্রশাসকদের এই অদূরদর্শিতায় মাঠের খেলার চেয়ে এখন টাকার লোকসান আর রাজনৈতিক ইগো বড় হয়ে দাঁড়িয়েছে।
মাঠের লড়াই নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে এখন আলোচনা চলছে কার কত কোটি টাকা লোকসান হবে। সাধারণ ক্রিকেট ভক্তদের কাছে এই পরিসংখ্যান শুধুই দীর্ঘশ্বাস। বনফুলের ‘পাঠকের মৃত্যু’ গল্পের মতো ক্রিকেটেও কি তবে ‘ক্রিকেটপ্রেমীর মৃত্যু’ ঘটছে? রাজনীতি আর অর্থের আগ্রাসনে ক্রিকেটের সেই চিরচেনা সৌরভ এখন ফিকে।


















