একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধই জাতির অস্তিত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। আর একাত্তরকে পেছনে ফেলা মানে নিজের অস্তিত্বকেই অস্বীকার করা।’ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার মনে হয়, আমাদের শেকড় সম্পর্কে জানা উচিত। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করেছি, সেটাই আমাদের অস্তিত্ব। এই স্বাধীনতা আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এক হয়ে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়।’
ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে ভুল পথে নিতে পারে। ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, এমনকি কাছের মানুষকে চিনতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।’
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, ‘ভোট একটি পবিত্র আমানত। ধর্মের ভাষায় বলে, আমানতের খেয়ানত করা যাবে না। অর্থাৎ ভোট নষ্ট করা যাবে না। আমাদের সেই ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত, যিনি সঠিকভাবে ভোটের মর্যাদা রক্ষা করবেন।’

















