দুই বছরে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

দুই বছরের বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তবে প্রথমবারের মতো ফিলিস্তিনের ভূখণ্ডটিতে ৭০ হাজার মানুষকে হত্যার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সেখানে নিখোঁজদের তথ্য নেই।
শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই তথ্য স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, ‘আমাদের ধারণা অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন, যার মধ্যে নিখোঁজদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়।’
ইসরায়েলি আরেক সংবাদমাধ্যম ‘কান ১১’ জানায়, নিহতের মধ্যে কতজন সশস্ত্র যোদ্ধা ও কতজন বেসামরিক নাগরিক, তা বিশ্লেষণ করার চেষ্টা করছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭১ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।
যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাস নিয়ন্ত্রিত দাবি করে তাদের দেওয়া তথ্যকে বরাবরই অতিরঞ্জিত বলে আসছিল ইসরায়েল।
সেনাবাহিনী স্বীকার করলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, ‘প্রকাশিত এই তথ্যগুলো আইডিএফের আনুষ্ঠানিক পরিসংখ্যান নয়। এ বিষয়ে কোনও তথ্য থাকলে, তা কেবল অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই জানানো হবে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছর আগস্টে ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডের বরাত দেয়া হয় যাতে ‘গাজায় ৫০ হাজার মৃত্যু পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়’ এমন কথা বলতে শোনা যায় ওই কর্মকর্তাকে।


















