২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

টানা এক বছরের বেশি সময় ধরে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২৬ বছর পর দেশটির এই মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা-পিএএইচও।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিএএইচও-এর নিয়ম অনুযায়ী কোনো দেশে একই ধরনের হাম ভাইরাসের স্থানীয় সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে চলতে থাকলে দেশটি হামমুক্ত দেশের মর্যাদা হারায়।
২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব এক বছরের বেশি সময় ধরে অব্যাহত থাকায় সংস্থাটির বিশেষজ্ঞ কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, ২০২৬ সালে দেশটিতে ৫ হাজার ৪০০-এর বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। গত দুই বছরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজারে পৌঁছেছে এবং অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে টিকা নিয়ে ভ্রান্ত তথ্য ও মানুষের অনীহার কারণে শিশুদের এমএমআর টিকা নেওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন শিশুদের টিকাদানের হার ৯৫ দশমিক ২ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। মূলত টিকাদানের হার কমে যাওয়াতেই এই সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কয়েক দশকের ব্যাপক ও সফল টিকাদান কর্মসূচির পর ২০০০ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো নিজেদের হামমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। যুক্তরাষ্ট্রের আগে কানাডা, যুক্তরাজ্য এবং স্পেনও একই কারণে তাদের হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হারানো এই স্বীকৃতি পুনরায় ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রকে নতুন করে টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে এবং দেশের ভেতরে হামের স্থানীয় সংক্রমণ সম্পূর্ণ বন্ধ করে অন্তত টানা ১২ মাস সংক্রমণমুক্ত থাকতে হবে।


















