বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। প্রতিবেদনটি তিনি পড়েননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পত্রিকার মাধ্যমে জেনেছেন বিষয়টি। সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে। এ বিষয়টি সরকার কীভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’
সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে আমি যতটুকু জেনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে।’
‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না,’ উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যাবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে- এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’
এর আগে তিনি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন।
















