পোখারার রাজকীয় সিংহাসনে বাংলার পোস্টারবয় সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে নেপাল প্রিমিয়ার লিগের আসন্ন তৃতীয় আসরের জন্য দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল পোখারা অ্যাভেঞ্জার্স। বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা অভিজ্ঞ এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জমকালো প্রচারণার মাধ্যমে নিশ্চিত করেছে নেপালের ফ্র্যাঞ্চাইজিটি।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে সাকিবকে স্বাগত জানিয়ে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’
দলটিতে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়ে তৈরি করা বিশেষ অ্যানিমেশন ভিডিওতে তাকে পাহাড়ের চূড়ায় একটি রাজকীয় সিংহাসনে বসা অবস্থায় উপস্থাপন করা হয়, যার পাশে ছিল রয়েল বেঙ্গল টাইগার।
খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি নিজেদের স্কোয়াড ও দল পরিচালনা বিভাগকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। আসন্ন আসরের জন্য তারা শ্রীলঙ্কার সাবেক স্পিনার আজন্তা মেন্ডিসকে দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মেন্ডিস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের যৌথ অভিজ্ঞতা আসন্ন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জয়ের লড়াইয়ে বড় সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। টুর্নামেন্টের সব ম্যাচ কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এবং শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসানের বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক।
এর আগে তিনি ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, ক্যারিবিয়ান সিপিএল এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি দলে খেলেছেন। হিমালয় কন্যার দেশে সাকিবের মতো বিশ্বমানের তারকার আগমন নেপালের ঘরোয়া ক্রিকেটের হাইপ ও দর্শক আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
















