টাঙ্গাইলে থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল, বহিষ্কার বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক বহিষ্কারপত্রে বিষয়টি জানানো হয়। পরে তিনি নিজেই গণমাধ্যমকে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদ এবং গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয়ের পর খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নেচে-গেয়ে আনন্দ উদ্যাপন করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্থানীয় পর্যায়সহ দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে শুধু এই ভিডিওর কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে কি না—এমন প্রশ্নে উপজেলা
বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ জানান, শুধুমাত্র ভিডিওর কারণে নয়, বরং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ আরও বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।







