কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, মূল অভিযুক্ত গ্রেফতার

নরসিংদীর সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় একটি কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ফেলে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পশুর প্রতি নিষ্ঠুরতার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় এক যুবক একটি কুকুরের গলায় ভারী ইট বেঁধে জীবন্ত অবস্থায় নদীতে ফেলে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুকুরটি বাঁচার জন্য ছটফট করতে করতে একপর্যায়ে নদীর পানিতে ডুবে মারা যায়।
ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীরভাবে ব্যথিত ও বিচলিত হন। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এমন অমানবিক আচরণ কীভাবে সম্ভব, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কর্মীরা। নরসিংদী জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তৎপরতা চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
তদন্তে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে শাহীন আরা নামের এক স্থানীয় নারীর প্ররোচনা ছিল। নিজের এলাকা থেকে কুকুরের উপদ্রব কমাতে তিনি মোহাম্মদ আলীকে এই অমানবিক কাজটি করতে বাধ্য বা প্ররোচিত করেছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন আরা আত্মগোপনে রয়েছেন।
নরসিংদী সদর থানা পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্ররোচনাদানকারী নারী শাহীন আরাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ নরসিংদীর সুশীল সমাজে প্রাণীদের অধিকার রক্ষা এবং মাদকাসক্তদের দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।







