শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এমপি রানুর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘আয়না ঘরের’ ইলেকট্রিক চেয়ারে শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই জোরালো দাবি জানান।
সংসদে বক্তব্য দেওয়ার সময় রেহানা আক্তার রানু বলেন, ‘কিছুদিন আগে একটা আয়না ঘর দেখলাম। সেই আয়না ঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া, শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার।’
এ সময় বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন বা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সংসদ সদস্য বলেন, ‘আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে—তবে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’
একই বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম নিয়েও কথা বলেন। সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে অত্যন্ত খারাপ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তুলে এর প্রতিকারে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেন এই আইনপ্রণেতা।







