লক্ষ্য ১৯৭ আর সিরিজের ফেরার চাপ টাইগারদের

টাইগারদের সামনে সিরিজে ফেরার চ্যালেঞ্জই শুধু নেই, আছে ১৯৭ রানের বড় লক্ষ্য নিয়ে খেলার চাপও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়ার ব্যাটাররা আজ বলতে গেলে শাসন করেছে বাংলাদেশের বোলারদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও জশ ইংলিস ৩ ওভার হওয়ার আগেই স্কোরবোর্ডে ৩০ রান তুলে নেন। তবে এরপরই ঘুরে দাঁড়ায় টাইগাররা। পাওয়ারপ্লের ভেতরেই অজিদের তিন উইকেট তুলে নেয়।
তৃতীয় ওভারে নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইংলিস। পরের ওভারেই নাহিদ রানার বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুপার কনলি। আর পাওয়ারপ্লের শেষ ওভারে মার্শকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর।
মিডল অর্ডারে নেমে ম্যাট রেনশ ৫২ বলে ৮৯ রান করেছেন। ঝোড়ো ৪৫ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দিচ্ছিলেন টিম ডেভিড। পাওয়ারপ্লে শেষে যখন সফরকারীদের চেপে ধরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, তখনই পাল্টা আক্রমণাত্নক জুটি করেন রেনশ ও ডেভিড।
মিডল ওভারে মাত্র ৫০ বলে ৯৭ রান যোগ করেন এই দুই অজি ব্যাটার। ২ চার ও ৪ ছয়ে ৪৫ রান করে ডেভিড ফিরলেও রেনশ অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো ৮৯ রানের ইনিংসটি এই তরুণ অজি ব্যাটারের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্কোর। মুস্তাফিজুরের শেষ ওভারে ১৮ রান তুলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৯৬ রানে।
বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন এই ম্যাচে দলে ফেরা নাসুম আহমেদ। ৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ, নাহিদ রানা ও সাকলায়েন।







