প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি অনলাইন প্রতারণার মামলায় দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামি তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনের সূত্রে জানা যায়, এই মামলার অপর সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে প্রতার চক্রের সঙ্গে তৌহিদ আফ্রিদীর সম্পৃক্ততার তথ্য মিলেছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেফতার দেখানোর পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করে শুনানি করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরবর্তীতে চক্রটি ধাপে ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে এবং শুরুতে অল্প অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সবমিলিয়ে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে ওয়ারী থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছিল সিআইডি পুলিশ। এরপর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছিল।







