জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১ জুন পর্যন্ত।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী বিশেষ পোস্টার প্রকাশ করা হবে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মূল দিন অর্থাৎ ৩০ মে (শনিবার) ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল স্তরের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
পরদিন ৩১ মে (রোববার) বেলা ২টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা-উত্তর নৈরাজ্য ও বাকশালের মাধ্যমে মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। তাঁর আমলের শান্তি, সমৃদ্ধি ও আইনের শাসন ফিরিয়ে আনার দৃষ্টান্ত আজও মানুষের মনে অম্লান।
কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ জনগণের ভোগান্তি এড়াতে কঠোর নির্দেশনা দিয়ে রিজভী বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো কর্মসূচি করা যাবে না। রাস্তার মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে কোনো আলোচনা সভা করা যাবে না; কর্মসূচি কেবল উন্মুক্ত মাঠ বা মিলনায়তনে সম্পন্ন করতে হবে।

















