ফের টাইগারদের কাছে ‘বাংলাওয়াশ’ হলো পাকিস্তান

বুধবার সিলেটের বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস লেখার দিন। সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে টাইগাররা সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
এই নিয়ে টানা দুইবার টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দল যারা পাকিস্তানকে টানা দুইবার টেস্টে হোয়াইটওয়াশ করল। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল নাজমল হোসেন শান্তর দল।
বাংলাদেশের নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার কোন প্রতিপক্ষের বিপক্ষে জিতল টানা চার টেস্ট। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার টেস্ট জেতার রেকর্ড আছে টাইগারদের। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক খেলা বাকি থাকলেও আপাতত ইংল্যান্ড, ভারতের উপরে থাকার আনন্দ উপভোগ করবে বাংলাদেশ।
বৃষ্টিতে ১৫ মিনিট দেরিতে শুরু হওয়া শেষ দিনের খেলায় বাংলাদেশের অপেক্ষা বাড়াচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান, বাড়ছিল মানসিক চাপও। তবে প্রথম ঘন্টার বিরতির পর বদলে গেল সব। ৪৩৭ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান থেমে গেছে ৩৫৮ রানে।
দিনের প্রথম ঘন্টায় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দারুণ জুটিতে বাংলাদেশের চিন্তা বাড়ালেন সাজিদ খান। শেষ পর্যন্ত পানি পানের বিরতিটা কাজে লাগল খুব, নেতিয়ে পড়া মানসিকতা থেকে জেগে উঠল গোটা দল। বিরতির পর ফিরেই তাইজুল সাজিদকে আউট করে পান নিজের পঞ্চম উইকেট। ম্যাচে ফেরে বাংলাদেশ।
৭ উইকেটে ৩১৬ রান নিয়ে নেমে আরও ৪২ রান যোগ করেন রিজওয়ান-সাজিদ। ৮ম উইকেট জুটিতে ৫৪ আনার পর সাফল্য আনেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তার বলে স্লিলে ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত।
পরের ওভারেই রিজওয়ানের কাঁটা দূর করেন শরিফুল। সেঞ্চুরির কাছে থাকা পাকিস্তানের কিপার ব্যাটার গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়তে উল্লাসে মাতে বাংলাদেশ। তাইজুল ৬ উইকেট নিয়ে মুড়ে দেন সফরকারীদের ইনিংস।
আগের দিন ৪ উইকেট শিকারি তাইজুল ইসলাম শেষ দিনেরও নায়ক। বাংলাদেশের মাথাব্যথা হয়ে ওঠা জুটি ভেঙেছেন তিনি। তার হাত ধরেই এসেছে জয় নিশ্চিত করা উইকেট। দেশের সফলতম টেস্ট বোলালের প্রাপ্তি ইনিংস ৬ উইকেট আর ম্যাচে ৯টি।

















