ইসরায়েলের পাতা ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে যুক্তরাষ্ট্র পা দিচ্ছে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ কূটনীতি এবং খালি হাতে ফিরে আসা মূলত ওয়াশিংটনের ভুল হিসাবেরই প্রমাণ।
সম্প্রতি বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইরান পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কাজনক বিষয়ের পাশাপাশি আঞ্চলিক নানা ভূরাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর ট্রাম্প জানান, ইরানি তেল কিনছে এমন চীনা কোম্পানিগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি বিবেচনা করছেন।
তবে এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বেইজিং সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর কোনো যৌক্তিকতা নেই।
আলি আকবর ভেলায়াতি আরও উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবর এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন মূলত যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের আরও বড় উদাহরণ।
তাঁর মতে, তেলআবিবের উসকানিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধংদেহী হুমকি দিচ্ছেন, তা আসলে একটি বিপজ্জনক ফাঁদে প্রবেশের শামিল।
মার্কিন প্রশাসনকে হুঁশিয়ার করে ইরানের এই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, “ইসরায়েলের দড়ি ধরে এই গর্তে নামার মূল্য অনেক বড় হবে। খুব শিগগিরই পশ্চিম এশিয়ায় নিজেদের বিশ্বাসযোগ্যতার অবশিষ্টাংশ খুঁজতে প্রদীপ হাতে ঘুরতে হবে ওয়াশিংটনকে।” (সূত্র: প্রেস টিভি)






