শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ হত্যায় তিনজন গ্রেফতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এনডিটিভি জানিয়েছে, কলকাতার কাছে বালিতে টোল বুথে ‘আক্রমণকারীদের’ মোবাইল থেকে ইউপিআই ট্র্যাক করার পর পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন- মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য ও রাজ সিং।
তাদের মধ্যে প্রথম দুজনকে বিহারের বক্সার থেকে এবং রাজকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের কলকাতায় এনে পশ্চিমবঙ্গ পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে তোলা হবে।
গত ৬ মে রাতে কলকাতা থেকে বিশ কিলোমিটার দূরে মধ্যমগ্রামে সড়কে খুব কাছ থেকে চার রাউন্ড গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। বুকে ও হাতে গুলি লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ড যখন ঘটে, তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু। বিজেপির নিরঙ্কুশ জয়ের পরপরই এ হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
তদন্তকারীদের বরাত দিয়ে দ্য ওয়াল লিখেছে, অত্যন্ত ‘ঠান্ডা মাথায়’ এবং পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল। চন্দ্রনাথের গতিবিধি রেকির পাশাপাশি গাড়ির ঠিক কোন জায়গায় তিনি বসেছিলেন তাও নজরে ছিল আততায়ীদের।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, অন্তত এক-দেড় মাস আগে থেকে চন্দ্রনাথকে খুনের ছক করা হয়েছিল। সেই সময়ে তাকে হত্যা করার মতো কারণ কার কার থাকতে পারে, কারো সঙ্গে চন্দ্রনাথের দ্বন্দ্ব তৈরি হয়েছিল কি না তা দেখা হচ্ছে।
খুনে ব্যবহৃত গাড়িটি ঘটনার দিনই জব্দ করেছিল পুলিশ। তাতে যে নম্বর প্লেটটি রয়েছে সেটি ভুয়া বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীদের দুটি বাইকও উদ্ধার করা হয়, সেগুলোর নম্বরপ্লেটও ভুয়া বলে মনে করছে পুলিশ।
বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে এবার ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করেছে দলটি।
গেল শনিবার মুখ্যমন্ত্রীর শপথ নেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গী হিসেবে আরও পাঁচজন মন্ত্রীর শপথ নিয়েছেন। এবারের নির্বাচনে মাত্র ৮০টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে।







